করতে গিয়ে হীন এক কৌশলের আশ্রয় নিয়েছে তারা। যেন ইজতিহাদ ও কিয়াস প্রসঙ্গে পূর্বসূরিদেরকে কোনো কটাক্ষ না করা লাগে। সেই কৌশলটি হচ্ছে, তারা দাবি করত, সাহাবায়ে কেরাম যে নতুন সৃষ্ট বিষয়ে ইজতিহাদ ও কিয়াসকে বৈধ বলেছেন তা ছিল পারস্পরিক সমঝোতা ও মীমাংসার স্বার্থে। আবশ্যকীয় ও নিশ্চিত কোনো বিধান ছিল না সেটা। এ ধরনের মূর্খতাপূর্ণ দাবি করে মূলত নিজেদের মতবাদটাকেই উত্তম বলতে চাইত তারা। সেইসঙ্গে এড়াতে চাইত সেই সংকট যার মুখোমুখি হতে হয়েছিল নাযযামকে পূর্বসূরিদেরকে ভুল সাব্যস্ত করার কারণে।
এরপরে তাদের দেখানো পথে হাঁটে দাউদ ইবনে আলী হাশাবী নামের এক গণ্ডমূর্খ। এই লোকটি প্রকৃতপক্ষে জানতই না কিয়াসের ব্যাপারে সাহাবায়ে কেরাম ও তাদের অনুসারীরা কী বলেন, আর বিরোধীদের বক্তব্যই বা কী!? সে নাযযাম থেকে কিছু আর বাগদাদের কিয়াস অস্বীকারকারী দার্শনিকদের থেকে কিছু বক্তব্য নিয়ে সেগুলোর মাধ্যমে প্রমাণ করে যে কিয়াস এবং ইজতিহাদ অবৈধ। অথচ কিয়াস স্বীকারকারী এবং অস্বীকারকারী কারো বক্তব্যই জানা ছিল না তার। দাউদ নামের এই লোকটি আরেকটু আগে বেড়ে অস্বীকার করে বসে বিবেকের প্রামাণ্যতাকেও। সে দাবি করে, দ্বীনের কোনো বিষয় বিবেকের মাধ্যমে বুঝা সম্ভব নয়। এভাবেই নিজেকে সে নিয়ে যায় চতুষ্পদ জন্তুর কাতারে, বরং তার চেয়ে নিম্নস্তরে। (এই পর্যন্ত শেষ আবু বকর রাযী রহ. রচিত ‘ফুসূল’ কিতাবের অংশ।)
ইজতিহাদ ও কিয়াসের প্রামাণ্যতাকে খুব সুন্দরভাবে সাব্যস্ত করেছেন আবু বকর রাযী রহ.। কিয়াসের প্রামাণ্যতার বিরুদ্ধে কিছু বলার কোনো সুযোগ রাখেননি তিনি। তো নন্দিত ও প্রশংসিত কিয়াস ও ইজতিহাদ করতে হয় প্রত্যেক ফকিহকেই। যা থেকে বুঝে আসে তাঁর বোধের সূক্ষ্মতা এবং জ্ঞানের গভীরতা। এজন্যই দেখবেন, ইবনে কুতায়বা রহ. নিজ গ্রন্থ ‘কিতাবুল মাআরিফে’ ফকিহদের আলোচনা এনেছেন ‘আসহাবুর রায়’ (কিয়াসকারী) শিরোনামের অধীনে। আর ফকিহদের