‘ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম’ বইয়ের অনুবাদ
হানাফি ফিকহ ও হাদিস
আল্লামা যাহিদ কাউসারি রহ.
ভাষান্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
মুফতি শরিফুল ইসলাম নাঈম
হানাফি মাযহাবের উপর অন্যতম আপত্তি হচ্ছে, এটি কিয়াসভিত্তিক মাযহাব। হাদিসের চেয়ে এই মাযহাবে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিয়াস তথা যুক্তিকে। এমন আপত্তি যারা করেন তারা মূলত হাদিস শাস্ত্রে গভীর জ্ঞান রাখেন না। ভাসা-ভাসা জ্ঞানের অধিকারী হওয়ায় হানাফি মাযহাবকে তাদের কাছে হাদিস-বিরোধী লাগে। হানাফি ফিকহের অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব হেদায়া। তাতে উল্লেখিত হাদিসগুলোর তাখরিজ সংক্রান্ত কিতাব ‘নাসবুর রায়াহ’র ভূমিকা লিখেছেন আল্লামা যাহিদ কাউসারি রহ.। সেখানে তিনি উপরোক্ত আপত্তির সুন্দর জবাব দিয়েছেন। পরবর্তীতে সেই ভূমিকাটিই ‘ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম’ নামে আলাদা কিতাবরূপে প্রকাশিত হয়। সেই কিতাবটি ক্বওমি মাদরাসার ইফতা বিভাগে পড়ানো হয়।
উপর্যুক্ত আপত্তির জবাবে হানাফি উলামায়ে কেরাম বহু কিতাবাদিই রচনা করেছেন। তন্মধ্যে বক্ষমাণ গ্রন্থটি তুলনামূলক সংক্ষিপ্ত ও সামগ্রিক। কিতাবটির গুরুত্ব বিবেচনায় বাংলাভাষী পাঠকদের সামনে এর বাংলা ভার্সন নিয়ে এসেছি আমরা। আশা করি, সর্বস্তরের চিন্তাশীল পাঠকের চিন্তার খোরাক জোগাতে সক্ষম হবে গ্রন্থটি। আল্লাহ তাআলা আমাদের সকল শ্রম ও প্রচেষ্টা ইখলাসের সাথে কবুল করে নিন।
শুরুর কথা
প্রশংসা সব সেই আল্লাহর যিনি সমুন্নত করেছেন ফুকাহায়ে কেরামের মর্যাদা। সরল ও পরিচ্ছন্ন দ্বীনের খেদমতে যাঁদের হিম্মত সুউচ্চ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবি সাইয়িদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যিনি হলেন মুত্তাকিদের আস্থার প্রতীক। মানবজাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে যিনি নূর এবং আলোর পথে নিয়ে এসেছেন। আরো দরুদ বর্ষিত হোক তাঁর পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরামের উপর। যাঁরা হলেন পছন্দনীয়, মনোনীত এবং অনুসরণীয় আদর্শ নেতা। হেদায়াত ও পথ প্রদর্শনের সূর্যপুরুষ তাঁরা। সমুজ্জ্বল শরিয়তের বিধানাবলি অবিকৃত রূপে আমাদের পর্যন্ত পৌছে দেওয়ায় (কেয়ামতের মাঠে) তাঁরা