তিনজন ওস্তাদ হলেন, বাক্কার ইবনে কুতাইবা, ইবনু আবি ইমরান এবং আবু খাযিম। এঁরা প্রত্যেকেই ছিলেন বড় বড় হাদিস বিশেষজ্ঞ।
৪৫.
আবুল ফদল মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মাজিদ ইবনে ইসমাইল সুলামি বালখি মারূযি রহ.। হাকিম শহিদ নামে পরিচিত ছিলেন তিনি। বিভিন্ন দেশে ভ্রমণ করে করে তিনি হাদিস শুনেছেন। তাঁর কাছ থেকে হাদিস শুনেছেন খুরাসানের সকল বিশেষজ্ঞ আলেম এবং হাদিস বিশারদগণ। তাদের মধ্যে অন্যতম হলেন, বিখ্যাত ‘মুসতাদরাকে হাকিম’ কিতাবের লেখক আবু আব্দুল্লাহ হাকিম নিসাপুরি রহ.। ৬০ হাজার হাদিস মুখস্থ ছিল সেই হাকিম শহিদ রহ.র। ৩৩৪ হিজরিতে শহিদ করে দেওয়া হয় তাঁকে। তার সম্পর্কে আরো জানতে চাইলে পাঠ করতে পারেন ‘আল ফাওঈদুল বাহিয়্যাহ’ ও ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ।’
৪৬.
আবুল কাসেম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবিল আওয়াম সা’দি রহ.। ৩৩৫ হিজরির আগেপরে উনার ইন্তেকাল হয়। যাহাবি কৃত ‘ত্ববাকাতে হুফফাজ’ গ্রন্থে নাসাঈর জীবনীতে উঠে এসেছে তাঁর কথা। ইমাম নাসাঈ, তাহাবি এবং আবু বিশর দুলাবির কাছ থেকে ইলম অর্জন করেছেন তিনি। ‘ফাদায়িলু আবি হানিফা ওয়া আখবারুহু ওয়া মানাকিবুহু’ নামে তাঁর লেখা একটি মোটা গ্রন্থ রয়েছে।
ইমাম আবু হানিফা রহ. থেকে বর্ণিত হাদিসগুলোর প্রসিদ্ধ ১৭টি সংকলন রয়েছে। সব সংকলনের নামই ‘মুসনাদু আবি হানিফা’। প্রত্যেকটির সংকলক ভিন্ন ভিন্ন। তন্মধ্যে একটি সংকলন ইবনু আবিল আওয়ামের। আর সেটি বেশ গুরুত্বপূর্ণ।
‘রফউল ইসর আন কুদ্বাতি মিসর’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ নামক কিতাব দুটিতে পাওয়া যাবে আলোচ্য আবুল কাসিমের নাতির জীবনী।
৪৭.
আবু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হারিসি বুখারি রহ.। ৩৪০ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। ‘মানাকিবু হানিফা’ এবং ‘মুসনাদু আবি হানিফা’ নামে তাঁর রচিত দুটি গ্রন্থ রয়েছে। ‘মুসনাদু আবি হানিফা’তে একেক হাদিসের অনেক সনদ উল্লেখ করেছেন তিনি।