জন্ম ১৬৪ হিজরিতে। আর মৃত্যু হয়েছে ২৫২ হিজরি সনে। ‘আল মুসনাদুল কাবির’ গ্রন্থের লেখক তিনি। নিজ স্মৃতিশক্তি থেকেই চল্লিশ হাজার হাদিস লিখিয়েছেন তিনি। আবু হাতেম বলেছেন, তিনি চরম সত্যবাদী মানুষ। তাঁর ব্যাপারে আরো জানতে চাইলে পাঠ করতে পারেন ‘তারিখুল খতিব’ নামক কিতাবটি।
৩১.
আবু লাইস আব্দুল্লাহ ইবনে সুরাইজ ইবনে হাজার বুখারি রহ.। তিনি মারা গিয়েছেন ২৫৮ হিজরির আশপাশে কোনো এক সময়। উনি ছিলেন আবু হাফস কাবির বুখারির একজন ছাত্র। দশ হাজার হাদিস মুখস্থ ছিল তাঁর। আবদান রহ. তাঁকে অনেক বড় আলেম মনে করতেন। ‘তারিখে বুখারি’ নামের কিতাবে তাঁর কথা আলোচনা করেছেন গুনজার রহ.। তবে সেখানে তাঁর নির্দিষ্ট মৃত্যুসন উল্লেখ করেননি তিনি। তাঁর সম্পর্কে আরো জানতে ‘ত্ববাকাতুল হুফফাজ’ দ্রষ্টব্য।
৩২.
মুহাম্মদ ইবনে শুজা’ সালজি রহ.। ২৬৬ হিজরিতে আসরের নামাজের সেজদাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুওয়াফাক মক্কি বলেন, নিজের রচনাবলিতে ৭০ হাজারের উপরে হাদিস উল্লেখ করেছেন তিনি। ‘মানাসিক’, ‘তাসহিহুল আসার’ এবং ‘রদ্দ আ’লাল মুশাব্বিহা’ এগুলো তাঁর রচিত বড় বড় কিতাবের নাম। তন্মধ্যে ‘মানাসিক’ কিতাবে ৬০-র চেয়েও বেশি খণ্ড রয়েছে।
‘সিয়ারু আ’লামিন নুবালা’তে ইমাম যাহাবি বলেন, তিনি ছিলেন মহাসমুদ্র।
পক্ষপাতদুষ্ট বলে তাঁর সমালোচনা করেছেন কিছু কিছু রাবি। তাঁর জীবনী পাওয়া যাবে ‘ফিহরিসত লিবনিন নাদিম’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ কিতাবে। এছাড়া ‘তাবঈনু কিযবিল মুফতারি’র উপরে আমার লেখা টীকা এবং ‘তাকমিলাতুর রদ্দ আ’লা নূনিয়্যাতি ইবনিল কাইয়িম’ পড়লেও জানা যাবে তাঁকে।
৩৩.
বাক্কার ইবনে কুতাইবা ইবনে আসাদ সাকাফি বাসরি মিশরি রহ.। মিশরের প্রধান বিচারক এবং সেখানকারের মুহাদ্দিস ছিলেন তিনি। ইমাম তহাবির শায়খ ছিলেন এই মনীষী। তাঁর কাছে থেকেই ইলম অর্জন সমাপ্ত করেছেন ইমাম তাহাবি। আর তাঁর সনদেই বহু হাদিস বর্ণনা করেছেন তিনি। ১৮২ হিজরিতে বসরায় জন্মগ্রহণ করেন