প্রচলিত ১৭টি সংকলনের বাইরের।
মুওয়াফফাক মক্কি তাঁর রচিত ‘মানাকিবে ইমাম আবু হানিফা’ গ্রন্থের প্রথম খণ্ডের ৯৬ নং পৃষ্ঠায় উল্লেখ করেন, হাসান ইবনে যিয়াদ বলেছেন, মোট চার হাজার হাদিস বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা। ২০০০ হাম্মাদ ইবনে সুলাইমান থেকে। আর বাকি ২০০০ তাঁর অন্যান্য শায়েখের সনদে।
আর ইমাম আবু হানিফা কর্তৃক গবেষণা করে বের করা মাসআলার সর্বনিম্ন সংখ্যা বলা হয় ৮৩ হাজার। অনেকে বলে পাঁচ লাখ। আবার কেউ কেউ এর সংখ্যা বলেছেন কোটির চেয়ে বেশি। তাঁর ওস্তাদের সংখ্যা ছিল অনেক বেশি।
ইমাম আবু হানিফা রহ. আরবিতে খুবই পারদর্শী ছিলেন। তাঁর জীবনটাই কেটেছে আরবি জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখাপ্রশাখায় বিচরণ করে। আরবি মূলনীতির উপর ভিত্তি করে তাঁর বের করা কিছু সূক্ষ্ম মাসআলা থেকেই বুঝে আসে আরবিতে তিনি কেমন পারদর্শী ছিলেন! এমনকি ‘আল জামিউল কাবির’ গ্রন্থের শপথ অধ্যায়ে উল্লিখিত আবু হানিফার কিছু বক্তব্যের ব্যাখ্যায় আবু আলি ফারেসি (মৃত্যু: ৩০৭ হি.), সিরাফি (মৃত্যু: ৩৬৮ হি.) এবং ইবনে জিন্নি (৩২২ হি.-১০০২ ঈ.) কয়েকটি কিতাবও লিখেছেন। এর দ্বারা তাঁরা আবু হানিফাকে স্বীকৃতি দিলেন যে, তিনি আরবি ভাষার সূক্ষ্মতম বিষয়াদিতে স্বাভাবিক বিচরণে সক্ষম ছিলেন।
এই অধ্যায়ের আলোচনার ইতি টানছি এখানেই। আশা করছি এতটুকুই যথেষ্ট হবে।
হানাফি মাযহাবের বড় বড় কয়েকজন হাদিস বিশেষজ্ঞের তালিকা তুলে ধরা হলো এখানে।
১. যুফার ইবনে হুযাইল বসরি রহ.। তিনি ইন্তেকাল করেন ১৫৮ হিজরিতে। ইবনে হিব্বান রহ. নিজ কিতাব ‘সিকাত’ এ তাঁকে হাদিস আত্মস্থকারী ও বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইমাম আযম আবু হানিফার বড় একজন শাগরিদ। হাদিস শাস্ত্রে ‘কিতাবুল আসার’ নামে তাঁর লিখিত একটি গ্রন্থ রয়েছে।
২. ইবরাহিম ইবনে ত্বহমান হারাভি রহ.। ১৬৩ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। ‘ত্ববাকাতুল হুফফাজ’ কিতাবে তাঁর জীবনী সংকলিত হয়েছে।