এবং ইবনে আসির এরা কেউই হানাফি মাযহাবাবলম্বী ছিলেন না। থাকলে তাঁকে ইমাম আবু হানিফার পক্ষপাতদুষ্ট বলা যেত।
মোদ্দা কথা, হানাফি মাযহাবের বৈশিষ্ট্য হচ্ছে, এই মাযহাবের মৌলিক মাসআলাগুলো সংকলিত হয়েছে পরামর্শ ও দীর্ঘ পর্যালোচনার ভিত্তিতে। এই মাযহাবে শরয়ি বিধানগুলো পাওয়া যায় বড় একটি দলের সূত্র-মাধ্যমে। যে সূত্রটা গিয়ে পৌঁছে অধিকাংশ সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত। যারা ছিলেন ফিকহের প্রথম উচ্ছল ঝর্ণাধারা। (অর্থাৎ এই মাযহাবের মাসআলাগুলো সব সাহাবায়ে কেরামের যুগ থেকেই বড় একটি দলের সূত্রে প্রমাণিত।) আর বড় একটি দল প্রতিনিয়ত সৃষ্ট নতুন বিষয়ের বিধান স্পষ্ট করার কাজে লেগে আছেন। এভাবেই চলছে যুগের পর যুগ। আর চলবেও আল্লাহ যতদিন চান ততদিন। কারণ, এই মাযহাব যুগের সব প্রয়োজন এবং মানুষের উন্নতি ও অগ্রগতির চাহিদার সাথে তাল মিলিয়েই চলছে।
এজন্যই দেখবেন ইবনে খালদুন (৭৩২-৮০৮ হি.) তাঁর বিখ্যাত মুকাদ্দিমায় মালেকি মাযহাব সম্পর্কে বলেন, “আর মরক্কো ও উন্দুলুসে গ্রাম্য সংস্কৃতির প্রভাব ছিল বেশি। ইরাকবাসীদের শহুরে সংস্কৃতি মেনে নিতে পারত না তারা। (অন্যথায় তারা হানাফি মাযহাবই গ্রহণ করত।) ফলে গ্রাম্য সংস্কৃতিতে মিল থাকায় তারা ঝুঁকে পড়ে হিজাযবাসীদের দিকে। (আর হিজাজবাসীদের মাযহাব ছিল মালেকি। সে হিসাবে তারাও হয়ে গিয়েছিল মালেকি মাযহাবাবলম্বী।) এ কারণেই (গ্রাম্য সংস্কৃতিতে মিল থাকায় মালেকি মাযহাবাবলম্বী হওয়ার কারণে) মালেকি মাযহাব তাদের নিকট এতটা শক্ত আসন গেড়ে নিতে পারেনি। (যেহেতু পরে সেই সংস্কৃতি পরিবর্তন হয়ে যায়।) তাছাড়া সভ্যতা-সংস্কৃতির পরিমার্জনের সাথে তাল মিলাতে পারেনি সেই মাযহাব।
তো প্রশাসনের ছত্রছায়ায় উন্দুলুসে কয়েক যুগ ধরে প্রচলিত মালেকি মাযহাবেরই যেখানে ইবনে খালদুনের দৃষ্টিতে এই অবস্থা, সেখানে অন্য যে মাযহাবগুলো দীর্ঘদিন যাবৎ বিধানাবলির ক্ষেত্রে অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে পারেনি সেগুলো সম্পর্কে আপনার কী ধারণা? (কতটুকু চলবে সেগুলো?)