বন্ধুত্বের সম্পর্ক গড়ে নাও। এরপর তাদের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করবে। আমিও তো এমনই ছিলাম।
এই কথা থেকে বুঝা যায়, (বনু তাইমুল্লাহর সাথে) তার সম্পর্কটা ছিল বন্ধুত্বের। দাস মুক্তি বা ইসলাম গ্রহণের সম্পর্ক নয়। (অর্থাৎ সেই সম্পর্কটা এই জন্য হয়নি যে, আবু হানিফার পূর্বসূরি কেউ বনু তাইমুল্লাহর হাতে মুসলমান হয়েছিল। অথবা বনু তাইমুল্লাহর কোনো লোক আবু হানিফার পূর্বসূরি কাউকে আজাদ করেছিল।) সুতরাং সত্য স্পষ্ট হয়ে গেল। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, (অর্থ) সত্য ত্যাগ করলে বিভ্রান্তি ছাড়া আর কিছুই থাকে না। (সূরা ইউনুস: ৩২)
ইবনুল জাওযি তার প্রণীত ‘মুনতাজাম’ কিতাবে বলেন ইমাম আবু হানিফার বুঝ শক্তি এবং গভীর ইলমের ব্যাপারে কারোরই দ্বিমত নেই। সুফিয়ান সাউরি এবং আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেন, আবু হানিফা হচ্ছেন সবচেয়ে বড় ফকিহ। ইমাম মালেককে একবার জিজ্ঞেস করা হয়, আপনি কি আবু হানিফাকে দেখেছেন? তিনি বললেন, আমি এমন এক লোককে দেখেছি যে সাধারণ একটি খুঁটিকে স্বর্ণের দাবি করে তোমার সাথে কথা শুরু করলেও নিজ দাবির স্বপক্ষে সে প্রমাণ পেশ করতে পারবে। ইমাম শাফেয়ি বলেন, ফিকহের ক্ষেত্রে সকলেই ইমাম আবু হানিফার মুখাপেক্ষী।
‘তারতিবুল মাদারিক’ কিতাবে কাযি ইয়াজ বলেন, একবার লাইস রহ. ইমাম মালিককে জিজ্ঞেস করেন, আপনি ঘামছেন কেন? ইমাম মালিক বলেন, আবু হানিফার ইলম দেখে ঘেমে যাচ্ছি। আসলেই সে একজন জবরদস্ত ফকিহ!
‘বুলুগুল আমানি’ কিতাবে আমি উল্লেখ করেছি, কোন কোন দিক অন্যান্য মাযহাব উপকৃত হয়েছে হানাফি মাযহাব দ্বারা। এখানে আর সেসব কথা পুনরাবৃত্তি করতে যাচ্ছি না।
হানাফি মাযহাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে পরামর্শভিত্তিক একটি মাযহাব। যে মাযহাবের মাসআলাগুলো গৃহীত হয়ে থাকে প্রত্যেক যুগের উল্লেখযোগ্য একটি বড় দলের নিকট। এভাবেই এর সনদ গিয়ে পৌঁছে সাহাবায়ে কেরাম পর্যন্ত।