কুরআনের আয়াত ও ইজমা দ্বারা প্রমাণিত। তবে সেই বিধান বাস্ত বায়নের ক্ষেত্রে ইজতিহাদ তথা গবেষণা জরুরি। কেননা সাদৃশ্যপূর্ণ প্রাণী কোনটি তা ইজতিহাদ ছাড়া জানা অসম্ভব। দুই. বিধানের মূল কারণটা প্রমাণিত হবে কুরআন, হাদিস কিংবা ইজমা দ্বারা। অর্থাৎ হুকুমের মূল কারণটা সর্বসম্মত হবে কিংবা কুরআন, হাদিসে বর্ণিত থাকবে। অতঃপর সেই কারণটা অন্য আর কোথায় পাওয়া যায় সেটা বের করবেন মুজতাহিদগণ। যেমন: বিড়ালের ক্ষেত্রে নবিজি বলেছেন, এটি অপবিত্র নয়। কেননা এটা তোমাদের আশপাশে বসবাসকারী প্রাণী। এই হাদিসে বিড়াল নাপাক না হওয়ার স্পষ্ট কারণ বলে দিয়েছেন রসুল। আর তা হল, আশপাশে থাকা। তো এখন মুজতাহিদগণ ইজতিহাদের মাধ্যমে বলে দিবেন, এই ‘আশপাশের থাকা’র কারণটা বিদ্যমান ইঁদুর, তেলাপোকা, টিকটিকি ইত্যাদি প্রাণীর মধ্যে। তাহলেই বুঝা যাবে, সেগুলোও পবিত্র। এই ‘তাহকিকুল মানাত্ব’ জরুরি প্রতিটি শরিয়তের জন্যই। কারণ, প্রত্যেক ব্যক্তি ও বস্তুর বিধান আলাদা করে শরিয়তের মূল ভাষ্যে উল্লেখ থাকা সম্ভব নয়।
আর তানক্বিহুল মানাত্ব [মূলভিত্তির পরিমার্জন] এর ব্যাখ্যা হচ্ছে এই: শরিয়ত প্রণেতা কোনো বিধানকে সম্পৃক্ত করেছে একটি কার্যকারণের দিকে। তবে সেই বিধানের সাথে মিলে আছে আরো বিভিন্ন অবস্থা। বিধানের ক্ষেত্রে যেগুলোর কোনো প্রভাব নেই। মুজতাহিদকে চিহ্নিত করতে হবে সেই অপ্রভাবক অবস্থাগুলো। তাহলেই বিধানটা হবে ব্যাপক ও সামগ্রিক। যেমন: একজন গ্রাম্য ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসুল। আমি ধ্বংস হয়ে গেছি। নবিজি জিজ্ঞেস করলেন, কী করেছ তুমি? সে বলল, রমজানের দিনের বেলায় স্ত্রী সংগম করে ফেলেছি আমি। রসুল বললেন, কাফফারা স্বরূপ একটি ক্রীতদাস আজাদ করে দাও।
এই হাদিসে রমজানের দিনের বেলায় স্ত্রী সংগমের কারণে বিধান এসেছে ক্রীতদাস আজাদ করে দেওয়ার। তবে এখানে কিন্তু অন্যান্য অবস্থাও আছে। শরিয়তের গতিপ্রকৃতি ও অন্যান্য বিধানের আলোকে সেগুলো খুঁজে বের করতে হবে মুজতাহিদের।