এভাবে এটা তো বলা বাহুল্য, মদিনা মুনওয়ারা- আল্লাহ এর মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করুন-ছিল ওহি অবতারণা স্থল। আর তৃতীয় খলিফার খেলাফতকালের শেষ পর্যন্ত এটাই ছিল অধিকাংশ সাহাবায়ে কেরামের বসবাসের জায়গা। কেবল সেই সমস্ত সাহাবায়ে কেরামই মদিনা ছেড়েছিলেন যারা জিহাদ, দ্বীনের প্রচার এবং মুসলমানদেরকে ইলম শেখানোর উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন বিভিন্ন দেশে।
ওমর ফারুক রা. খলিফা হওয়ার পর ইরাক বিজিত হয় সা’দ ইবনে আবি ওয়াক্কাসের হাতে। তখন ওমরের নির্দেশেই ১৭ হিজরিতে গোড়াপত্তন হয় কুফা শহরের। গোড়াপত্তনের পর সেই শহরের আশপাশে থাকতে দেন কিছু বিশুদ্ধভাষী আরব গোত্রকে। অতঃপর উমর রা. কুফাবাসীদেরকে কুরআন এবং দ্বীনের গভীর জ্ঞান শিক্ষা দিতে পাঠিয়ে দেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রা.কে। পাঠানোর সময় বলেন, আব্দুল্লাহকে আমার প্রয়োজন থাকা সত্ত্বেও তোমাদের কাছেই পাঠিয়ে দিলাম। (মুসতাদরাকে হাকিম: ৩/৩৫৭)
সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ইলমি মাকাম ছিল বিশাল। ফিকহের ক্ষেত্রে ওমরের মতো ব্যক্তিও তাঁর ইলিমকে উপেক্ষা করতে রহ. বলেন, ইবনে মাসউদের কাছে সরাসরি অথবা তাঁর ছাত্রের কাছে ইলম অর্জনকারীর সংখ্যা প্রায় চার হাজার। (মাবসূত: ১৬/৬৮)
ইবনে মাসউদের সাথে সেখানে আরো ছিলেন সা’দ ইবনে আবি ওয়াক্কাস (মৃত্যু: ৫১ হি.), হুজাইফা, (মৃত্যু: ৩৬ হি.) আম্মার, সালমান (মৃত্যু: ৩১/৩২ হি.) এবং আবু মুসা আশআরির (মৃত্যু: ৪১/৪২ হি.) মতো বিশিষ্ট সাহাবায়ে কেরাম। তাঁরা সহযোগী হয়েছিলেন তাঁর মেহনতে।
আলি রা. যখন কুফায় নিজের রাজধানী স্থানান্তরিত করেন তখন ফকিহদের সংখ্যাধিক্য দেখে তিনি খুশি হয়ে বলেন, ইবনে মাসউদের উপর আল্লাহ পাক রহম করুন। এই এলাকাটাকে ইলম দিয়ে ভরপুর করে দিয়েছে সে। আরেক বর্ণনামতে তিনি বলেন, ইবনে মাসউদের ছাত্ররা এই এলাকার নক্ষত্র তুল্য।
অপরদিকে ইলমি নগরীর দ্বার খ্যাত আলি রা.ও ইলমের প্রচার প্রসারে ইবনে মাসউদের এর চেয়ে কম গুরুত্বারোপকারী ছিলেন না।