তার নিজের ব্যাপারে ধর্তব্য হবে সেটা। অর্থাৎ ইদ্দত থাকাকালীন তার নিজের সাথে যেসব বিধানাবলি সম্পর্ক রাখে সেগুলো বহাল থাকবে।
সুতরাং কোনো মহিলা যদি বলে, “আমি ঋতুবতী হয়েছি”, তার এই কথার বিধান হবে দুই রকম:
১. তার নিজের ক্ষেত্রে হবে একরকম। অর্থাৎ তার উপর তালাক পতিত হওয়া, তার ইদ্দতের মেয়াদ শেষ হয়ে যাওয়াসহ তার সাথে সম্পৃক্ত এ ধরনের ক্ষেত্রগুলোতে তার কথাটাই ধর্তব্য হবে প্রমাণ হিসেবে।
২. পক্ষান্তরে অন্যদের ক্ষেত্রে তার সেই কথার বিধান হবে আরেকরকম।
অর্থাৎ অন্য মহিলার উপর তালাক পতিত হওয়া কিংবা গোলাম আজাদ হওয়ার ক্ষেত্রে সে হবে একজন সাক্ষীর মতো। (আর একজন মহিলার সাক্ষ্যে কিছু প্রমাণিত হয় না।) এটা হবে এই মাসআলার মতো যে, কোনো স্ত্রীকে যদি স্বামী বলে, তুমি ঘরে প্রবেশ করলে কিংবা যায়েদের সাথে কথা বললে তালাক অথবা অমুক গোলাম আজাদ। পরে সেই মহিলা বলে, আমি ঘরে প্রবেশ করেছি অথবা যায়েদের সাথে কথা বলেছি তার কথা সত্যায়ন করা হবে না। (তবে অন্য কোনো প্রমাণ কিংবা স্বামীর স্বীকারোক্তি দ্বারা তার দাবিটা সাব্যস্ত হলে তখন হুকুমও পতিত হবে।)
এরপর আবু বকর রাযি আরো অনেক এমন দৃষ্টান্ত পেশ করেন যেগুলোতে মহিলার বক্তব্যের হুকুম হয় দুই ধরনের। দৃষ্টান্তগুলো তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এক পর্যায়ে গিয়ে ইসতিহসানের আরেকটি প্রকারের আলোচনা করেছেন তিনি। তা হলো, ইল্লত বা কারণ বিদ্যমান থাকলে হুকুমও পাওয়া যাবে। এ বিষয়ে হৃদয় শীতল করা ব্যাখ্যা দিয়েছেন তিনি। সেইসঙ্গে এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ রাখেননি যে, শাখাগত সকল মাসআলায় প্রয়োগকৃত ইসতিহসানের এই প্রকারটির সঙ্গে মিশে আছে কুরআন, হাদিসের কোনো ভাষ্য কিংবা ‘ইজমা’ অথবা কিয়াসের মতো শক্তিশালী কোনো দলিল। যে দলিলটি সেই মাসআলায় ভিন্ন কোনো হুকুমকে আবশ্যক করে।