এটা মনে করাও সঠিক হবে না, ‘আসহাবুর রায়’ বলে তাঁরা এই অপবাদ দিচ্ছেন যে, রসুলের সুন্নত এবং সাহাবিদের বক্তব্যের উপর নিজেদের মতামতকে প্রাধান্য দেয় হানাফিরা। কেননা তাঁরা তো এসব থেকে সম্পূর্ণ মুক্ত।” এরপর তিনি উল্লেখ করেন, আবু হানিফা এবং তাঁর অনুসারীদের ফিকহ চর্চার পথ ও পদ্ধতি। সেটা হচ্ছে, প্রথমে কুরআন থেকে দলিল খোঁজা। এরপর হাদিস থেকে, এরপর সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে দলিল নেওয়া। এই আলোচনার মাধ্যমে তিনি হানাফি বিরোধীদের জবাব দিয়েছেন।
আমি অস্বীকার করছি না, কিছু যোগ্য মুহাদ্দিসগণও সমালোচনা করেন ফকিহগণের বিশেষত আবু হানিফা এবং তাঁর অনুসারীদের। তার কারণ হচ্ছে, হানাফিরা এমন কিছু হাদিস বর্জন করেছেন যেগুলোর ত্রুটি সম্পর্কে অবগত নয় তারা। তাদের ধারণা হানাফিরা সেই হাদিস বাদ দিয়ে গ্রহণ করে নিয়েছেন নিজস্ব মতামত। আবার অনেক সময় দলিল থেকে মাসআলা বের করার ক্ষেত্রে হানাফিদের মূল পয়েন্টটাই ধরতে পারে না তারা। এর কারণ হচ্ছে, তাদের নিজেদের নির্বুদ্ধিতা এবং হানাফিদের সূক্ষ্মতা। শেষে হতাশ হয়ে ফুকাহায়ে কেরামকে এই বলে তিরস্কার করে, তারা হাদিস বাদ দিয়ে কিয়াসকে প্রাধান্য দেয়। এই দোষারোপে অবশ্য কারোর কিছু যায় আসে না। তারা নিজেরাই কষ্ট পায় শুধু।
কিয়াসের আরেকজন ঘোরবিরোধী আছেন। নাম তার ইবনে হাযম যাহিরি (৩৮৪-৪৫৬ হি.)। কোনো রকম কিয়াসকেই স্বীকার করেন না তিনি। কিয়াসের প্রবক্তা অন্য সকল ইমামদের মতো হানাফিরাও ছিলেন তার সমালোচনার লক্ষ্যবস্তু। ‘আওয়াসিম ওয়াল ক্বাওয়াসিম’ কিতাবে আবু বকর ইবনুল আরাবি (৪৬৮-৫৪৩ হি.) সেই ইবনে হাযম যাহিরির শক্ত জবাব দিয়েছেন। কিয়াস অস্বীকারের স্বপক্ষে ইবনে হাযম যাহিরির দলিল নেই কোনো। এক্ষেত্রে তিনি আশ্রয় নিয়েছেন অনুমানের। অস্বীকার করেছেন কিয়াসের প্রামাণ্যতা প্রসঙ্গে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত বক্তব্যগুলোকে। আর কিয়াসের বিপক্ষে বর্ণিত দুর্বল বর্ণনাগুলোকে বিশুদ্ধ প্রমাণিত করার দুঃসাহস দেখিয়েছেন।