পূর্বসূরিদের মাঝে তাঁর প্রসিদ্ধির একটি দলিল হলো, আহমদ ইবনে আব্দুর রহমানের সনদে ইমাম বায়হাকির বর্ণিত একটি হাদিস…। অথচ ইবনে হাজারের কিন্তু জানা আছে, আহমদ ইবনে আব্দুর রহমান হচ্ছে ইবনুল জারূদ রাক্কি। যে একজন প্রসিদ্ধ মিথ্যাবাদী রাবি। আর ইবনে হাজারকে এই হিসেবেও নিরুপায় ধরা যায় না যে, এখানে তো ইবনুল জারূদের সনদে বর্ণনা করেছেন মূলত বাইহাকি রহ.। (ইবনে হাজার শুধু সেটা উল্লেখ করেছেন। সুতরাং এর দায় তার উপর আসবে না। এমনটা বলারও কোনো উপায় নেই।) কারণ, এটা সবাই জানে যে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বালাভি থেকে আহমদ ইবনে মুসা নাজ্জারের সূত্রে ইমাম শাফেয়ির ভ্রমণসংক্রান্ত স্পষ্ট মিথ্যা রেওয়ায়াতগুলোও বর্ণনা করতে ছাড়েননি ইবনে হাজার রহ.। (তো জেনেশুনে মিথ্যাবাদী রাবি থেকে বর্ণনা করার কাজটা তিনি করেই থাকেন। তা-ই বাইহাকির উপর দায় চাপানোর কোনো ফায়দা নেই।) এই ধরনের কাজ আবু নুআইম ইস্পাহানিও করেছেন। অথচ তারা উভয়েই জানেন, বালাভি ও নাজ্জার মিথ্যাবাদী রাবি। কিন্তু মাযহাবি গোঁড়ামি অন্ধ করে দেয় মানুষকে।
‘মিযানুল ই’তিদাল’ গ্রন্থে ইমাম যাহাবি উপরোক্ত নাজ্জার সম্পর্কে বলেন, সে একজন জংলি জানোয়ার। তিনি আরো বলেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বালাভির সনদে শাফেয়ির নামে মিথ্যা একটি সফরের কথা বর্ণিত আছে। যেটা প্রকৃতপক্ষে ইমাম শাফেয়ির জন্য অবমাননাকর। একটু চিন্তা করলেই তা বুঝা যায়।
সেই সফরটাকে স্বয়ং ইবনে হাজারও মিথ্যা সাব্যস্ত করেছেন ‘মানাকিবুশ শাফেয়ি’ গ্রন্থের ৭১ নং পৃষ্ঠায়।
ইবনে হাজারের ব্যাপারে আরো একটি অভিযোগ হলো, ইমাম শাফেয়ির শাগরেদ হিসেবে বালাভির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, সে একজন দুর্বল রাবি। বাস এতটুকুই। অথচ বালাভি হচ্ছে, প্রসিদ্ধ মিথ্যাবাদী একজন রাবি। (তো এখানেও অসততার পরিচয় দিলেন ইবনে হাজার রহ.)
এই অধ্যায়ে আমরা যা বুঝাতে চেয়েছি তার জন্য এতটুকু আলোচনাই যথেষ্ট