থাকা আবশ্যক, সমাজের একজন সাধারণ মুসল্লির কি ততটা জ্ঞান থাকা আবশ্যক? তা ছাড়া, আবশ্যক বলা হলেও সবার জন্য তো সমান পর্যায়ে শেখা সম্ভবও নয়। একজন আলেম যতখানি আকিদা শিখতে পারবেন, একজন সাধারণ মানুষের পক্ষে ততখানি শেখা সম্ভব হবে না। বোঝা গেল, আকিদা শেখার আবশ্যকতা, পর্যায় ও স্তর সবার জন্য সমান নয়। ফলে ‘আকিদা শেখার পরিমাণ’ সম্পর্কে কিছু কথা বলা আবশ্যক মনে করছি।
সংক্ষেপে প্রথমেই যে বিষয়টি বুঝে নিতে হবে সেটা হলো, আকিদা সম্পর্কে জ্ঞানার্জন জরুরি হলেও আকিদার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় সম্পর্কে জ্ঞানার্জন জরুরি নয়। কারণ, আকিদার আলোচনায় এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো দ্বীনের কোনো মৌলিক মাসআলা নয়, ঈমানের জরুরি বিষয়গুলোর অন্তর্ভুক্ত নয়। যেমন-আল্লাহর সিফাতসংক্রান্ত বিস্তৃত আলোচনা, ঈমান ও কুফরের বিস্তৃত সংজ্ঞায়ন, প্রকারভেদ ও ব্যাখ্যা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, পরকাল ইত্যাদির সবিস্তার বিবরণ ঈমানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত নয়। সবার উপর এ সম্পর্কে বিস্তারিত জানা আবশ্যক নয়। বরং এ ব্যাপারে মোটা দাগে ধারণা থাকাই যথেষ্ট। তবে যদি কোনো বিষয় নিয়ে সন্দেহ তৈরি হয়, সে সন্দেহ দূর করা আবশ্যক। অন্যকথায়, ঈমানের ছয় রুকন সম্পর্কে মৌলিক ধারণা থাকাই যথেষ্ট, বিস্তারিত জানা আবশ্যক নয়। যেমন-নবি-রাসুল সম্পর্কে ঈমান আনা আবশ্যক; কিন্তু প্রত্যেক নবির নাম, তাঁর বংশপরিচয় ও গোত্রের নাম, তাঁর দাওয়াতের বিস্তারিত ইতিহাস জানা আবশ্যক নয়। তবে যদি কোনো নবি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, তখন তাঁর সম্পর্কে বিস্তারিত জেনে বিভ্রান্তি দূর করা জরুরি।
ইমাম আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, ঈমান ও কুফর সম্পর্কে অজ্ঞতার বিধান কী? তিনি বললেন, ‘মানুষ মুমিন হিসেবে গণ্য হয় আল্লাহকে চেনা ও স্বীকার করার মাধ্যমে। একইভাবে কাফের হয় আল্লাহকে অস্বীকার করার মাধ্যমে। ফলে কেউ যখন আল্লাহকে রব ও মাবুদ হিসেবে স্বীকার করবে,