এখানে আমরা দেখতে পেলাম, ইমাম মুসলিম রাহ. আহলুল হাদীসের আসল যে রূপ সেটা তুলে ধরেছেন। এর দ্বারা যে মুহাদ্দিসগণ উদ্দেশ্য তা তো বলাই বাহুল্য। কারণ, হাদীসের সনদগত মান কী ধরনের সেটা নির্ণয় করা তো আহলে হাদীস নামক মুহাদ্দিসদেরই কর্ম। বর্তমানে আমাদের সমাজে যারা নিজেদের আহলে হাদীস বলে দাবি করে কখনোই তাদের কর্ম নয়। কারণ, তাদের মধ্যে আলেম-গাইরে আলেম ও শিক্ষিত-অশিক্ষিত সব শ্রেণির লোকেরাই অন্তর্ভুক্ত থাকে। সুতরাং তাদের মধ্যে যারা হাদীসচর্চা ও গবেষণার সাথে সম্পৃক্ত এবং হাদীস বিষয়ে প্রভূত জ্ঞান রাখেন তাদেরই কেবল আহলে হাদীস বলা সঠিক হবে। এর বাইরে যারা সাধারণ জনগণ, তাদের আহলে হাদীস বলে আখ্যায়িত করা কোনোক্রমেই সঠিক হবে না। এমনকি অন্য কোনো শাস্ত্রের বিজ্ঞ পণ্ডিতদের ক্ষেত্রেও না। এটি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসা একটি পরিভাষা। সালাফে সালেহীন এবং প্রতি যুগের উলামায়ে কেরাম একে যে অর্থে ব্যবহার করেছেন তাকে ঠিক সেই অর্থে অবিকৃত রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
ইবনে হাজার আসকালানী রাহ. এর ব্যবহার
নবম শতাব্দীর প্রখ্যাত হাদীসবিশারদ ইবনে হাজার আসকালানী রাহ. রচিত উসুলে হাদীসের জনপ্রিয় গ্রন্থ শরহু নুখবাতিল ফিকার এর মধ্যেও বিষয়টির প্রমাণ পাওয়া যায়। উক্ত গ্রন্থে তিনি হাদীসবিশারদ মুহাদ্দিসদেরকখনো ‘আহলুল হাদীস’ শব্দে ব্যক্ত করেছেন আর কখনো ‘আহলুল ইলমী বিল হাদীস’ শব্দে। যার অর্থ হলো, হাদীসের জ্ঞানে পাণ্ডিত্য রাখেন এমন ব্যক্তিবর্গ। এর মধ্যে মূলত প্রচ্ছন্নভাবে এই ইঙ্গিতই পাওয়া যায় যে, আহলুল হাদীস তারাই যারা হাদীসের জ্ঞানে পাণ্ডিত্য রাখেন। এখানে আমি তাঁর গ্রন্থ থেকে মাত্র দুটি প্রমাণ উল্লেখ করছি, যাতে করে বিষয়টি পাঠকের সামনে আরও বেশি সুস্পষ্ট হয়। গ্রন্থের শুরুতেই হামদ ও সালাতের পর তিনি বলেন,
أما بعد، فإنّ التصانيف في اصطلاح أهل الحديث قد كثرت للأئمة ….