আকিদার প্রধানতম ভাষ্যকার। ফলে প্রত্যেকটি মাসআলা আলোচনার ক্ষেত্রে প্রথমে কুরআন-সুন্নাহকে ভিত্তি ধরে আলোচনা করা হয়েছে; অতঃপর ইমাম আবু হানিফার আকিদার পঞ্চপুস্তক [আল-ফিকহুল আকবার, আল-ফিকহুল আবসাত, আল-আলিম ওয়াল মুতাআল্লিম, আর-রিসালাহ, আল-ওয়াসিয়্যাহ, তার বরাতে ইমাম আবু জাফর ত্বহাবির ‘আকিদাহ ত্বহাবিয়্যাহ’, সায়েদ নিশাপুরির ‘আল-ইতিকাদ’ ইত্যাদির মতো মৌলিক গ্রন্থগুলোর ভিত্তিতে ইমামের বক্তব্য তুলে ধরা হয়েছে। তৃতীয় পর্যায়ে অন্যান্য হানাফি আলেমদের বক্তব্য আনা হয়েছে। অতঃপর মতাদর্শিক গণ্ডির ঊর্ধ্বে উঠে গোটা আহলুস সুন্নাহকে ধারণ করার লক্ষ্যে আকিদার যেসব মাসআলাতে ইমাম আজমের সঙ্গে অন্যান্য আলেমদের মতবিরোধ রয়েছে, সেগুলোও উল্লেখ করা হয়েছে। সবশেষে লেখকের পক্ষ থেকে সেসব মতপার্থক্যের কারণ ও প্রকৃতি আলোচনাপূর্বক স্থানভেদে কখনো সমন্বয়, আবার কখনো সর্বোচ্চ বিশুদ্ধ মত নির্ধারণের কোশেশ করা হয়েছে।
আমরা কসুর করিনি। তবে পূর্ণতা আল্লাহ তাআলার গুণ। ফলে বক্ষ্যমাণ গ্রন্থ নির্ভুল করার কোশেশ থাকা সত্ত্বেও কিছু ভুল-বিচ্যুতি রয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তাই বিশেষজ্ঞ পাঠকের প্রতি সেই অনুরোধ করছি, যা ‘আকিদাহ ত্বহাবিয়্যাহ’র ক্ষেত্রেও করেছি। সেটা হলো, এই গ্রন্থে সুস্পষ্ট শরিয়ত-বিরুদ্ধ কোনো বক্তব্য, কুরআন-সুন্নাহর সঙ্গে সুস্পষ্ট সাংঘর্ষিক কিংবা সালাফের পথ থেকে বিচ্যুত কোনো বিষয়, তথ্যগত কোনো ভুল-ভ্রান্তি চোখে পড়লে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা নির্দ্বিধায় পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব, ইনশাআল্লাহ। একইভাবে অনুরোধ করছি-দৃষ্টিভঙ্গির পার্থক্য, শাখাগত বিষয়ে আহলুস সুন্নাহর নানান ধারার বৈচিত্র্য, বিভিন্ন আলেমদের ব্যক্তিগত গবেষণালব্ধ ফলাফল (ইজতিহাদ), লেখকের শব্দচয়ন ও বাকভঙ্গি-এগুলোকে যথাযথ স্থানে রেখে বিচার করতে, ভারসাম্য ও দরদপূর্ণ দৃষ্টিতে দেখতে। সেটা না করা হলে আহলুস সুন্নাহর অভ্যন্তরীণ বিভেদ ও আন্তঃসংঘাত বাড়বে। অর্থহীন বিবাদে উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। বক্ষ্যমাণ গ্রন্থ রচনার উদ্দেশ্য ব্যাহত হবে।
গ্রন্থটি প্রকাশের পেছনে কিছু মুখলিস মানুষের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাদের নাম-পরিচয় উহ্যই থাকুক। পাশাপাশি ‘আকিদাহ ত্বহাবিয়্যাহ’র পরে এই গ্রন্থ প্রকাশের