ফরিদাবাদ যাবার সিদ্ধান্ত নিয়ে নিই। একটা বছর সেখানে ছিলাম। যিকরুল্লাহ খান সাহেবের দরসগুলো খুব বেশি মনোযোগ দিয়ে করলাম। তাঁর তাকরীরগুলো ছিল খুব উঁচুমানের। রেফারেন্সের উপর তাঁর গুরুত্বপ্রদান, বিষয়ের গভীরে পৌঁছে যাওয়ার এবং সমস্যাকে তার গোড়া থেকে বুঝতে ও বোঝাতে চাওয়ার অনন্য যোগ্যতা ছিল তাঁর। উসুলে হাদীসে ফিকহে হানাফীর মানহাজ ও দৃষ্টিভঙ্গি তিনি চমৎকারভাবে আমাদের দরসে বোঝাতেন। আমরাও তীর্থের কাকের ন্যায় সেগুলো লুফে নিতাম গনিমত মনে করে।
ফরিদাবাদ পড়াবস্থায় ঘটা একটা ঘটনার কথা না বলে পারছি না। একদিন আমি আমাদের দেশের আহলে হাদীস আন্দোলনের আমির আসাদুল্লাহ আল-গালীব সাহেবের লেখা একটা বই পড়ছিলাম। তিনি সেখানে খতীব বাগদাদী রাহ, এর শারাফু আসহাবিল হাদীস বই থেকে তার মতের পক্ষে একটা উদ্ধৃতি পেশ করলেন। কেন যেন বিষয়টা বিনা যাচাইয়ে মেনে নিতে আমার মন সায় দিচ্ছিল না। যেহেতু আগেই বলেছি যে, আমি যার বই-ই পড়ি না কেন সেটা সাধারণত পর্যালোচনার দৃষ্টিতেই পড়ে থাকি। তাই মূল বইটা থেকেই সেই উদ্ধৃতিটা দেখার মানসে একদিন রাতে এশার পর খতীব বাগদাদী রাহ, এর বইটা পড়া শুরু করলাম। সেই রাতের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সহপাঠীরা চোখ বুঝে আছে শান্তির নিদ্রায়। আমার দুচোখ তখনো জেগে। পিটপিট নয়নে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাচ্ছিলাম আর সুখদুঃখের অনুভূতি টের পাচ্ছিলাম। সুখটা ছিল এই, প্রকৃত বাস্তবতা আমার সামনে ফুটে উঠছিল। আর দুঃখ ছিল এই যে, লেখক তাঁর উদ্ধৃতিতে যা প্রমাণ করতে চেয়েছেন আসলে এটা তার যোগ্য না। তাহলে কেন তিনি এমনটা করতে গেলেন। এমন প্রশ্ন বুকের ভেতর রেখেই বইটা সম্পূর্ণ খতম করে আমি শেষরাতের কিছু আগে ঘুমোতে গেলাম।
পরের বছর তো দাওরায়ে হাদীসের বছর। হাদীস নিয়ে দৌড়ঝাঁপ চলে সারাদিন। অন্যদিকে মনোযোগ দেবার ফুরসতই তেমন মিলে না। তবে সুনানে তিরমিযীসহ হাদীসের অন্যান্য কিতাবে এবং শরাহ-শুরুহাত বা ব্যাখ্যাগ্রন্থগুলো পড়তে গিয়ে হরহামেশা আহলে হাদীস শব্দের ব্যবহার সামনে পড়ছিল। আমার পুরোনো সেই আগ্রহের কারণে সচেতনভাবেই জায়গাগুলো আমি খেয়াল করে করে পড়তাম। দেখতাম এসকল মনীষী মুহাদ্দিসগণ কোন অর্থে শব্দটিকে ব্যবহার করছেন।