শেষ হয়ে এল। আমি ছুটলাম মাদরাসাপানে। এবার আমি কাফিয়া জামাতে ভর্তি হলাম। আমার মাথায় কিন্তু রমজানে কেনা সেসব বইয়ের কথাগুলো ঘুরঘুর করে ঘুরছেই। সময় করে বেরিয়ে পড়লাম বাংলাবাজার। আমরা যেভাবে নামাজ পড়ি সেবিষয়ে বই খুঁজতে গিয়ে পেলাম শায়খ ইলিয়াস ফয়সাল হাফিজাহুল্লাহর লেখা নামাজে পয়গম্বর এর অনুবাদ নবীজীর নামাজ বইটা। সাথেসাথে কিনে নিলাম। সেই সাথে এই বিষয়ক আরও কিছু বইপত্র। নবীজীর নামাজ বইটির শুরুতে মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহর যে দীর্ঘ ভূমিকা আছে সেটা পড়েই আমার অর্ধেক সংশয় কেটে গেল। বাকিটা কাটল পুরো বইটা পড়ার পর।
বিষয়গুলো তখনো ছিল আমার কাছে নতুন। তবে স্বভাবগতভাবে কৌতূহলী হওয়ায় আমি এবার এই বিষয়ে পড়ার জন্য উঠেপড়ে লাগলাম। লাইব্রেরি ঘুরেঘুরে আহলে হাদীস-বিষয়ক বই কিনি আর পড়ি। একসময় মনে হলো আমি একচোখা হয়ে যাচ্ছি না তো? অধ্যয়ন দ্বিমুখী হওয়া দরকার। যাতে উভয়ের যুক্তি-প্রমাণ সামনে থাকে। সকলের বক্তব্য-পাল্টাবক্তব্য জানতে না পারলে আসলে অধ্যয়নে পূর্ণতা আসবে না। অন্ধের হাতি দেখার মতোই আংশিক চিত্রকে পূর্ণ চিত্র ভেবে বসে থাকতে হবে। তাই দেদারছে আহলে হাদীসদের বইপত্রও পড়া শুরু করি। সাধারণ পাঠকের মুগ্ধ দৃষ্টি এড়িয়ে পর্যালোচনা ও সমালোচনামূলক দৃষ্টিতে (তানকীদী নজর) পক্ষে-বিপক্ষের বইগুলো পড়তাম। এভাবেই আমার দিনরাতের চাকা ঘুরছিল। জানাশোনার পরিধি বাড়ছিল। বিবিধ জ্ঞান আর বিচিত্র অভিজ্ঞতার মাত্রা বৃদ্ধি পাচ্ছিল।
সেবছরই আমাদের পাঠ্যতালিকায় ছিল উসুলুল ফিকহের প্রাথমিক গ্রন্থ উসুলুল শাশী। সেটা পড়ে কিছুটা চোখ খুলতে লাগল। বুঝতে শুরু করলাম কেন কুরআন এক নবী এক হওয়া সত্ত্বেও ইমামদের মধ্যে মাসআলা-মাসায়েল নিয়ে এত মতবিরোধ হলো। আসবাবুল ইখতিলাফ বা মতবিরোধের কারণগুলো পুরোপুরি না হলেও অনেকটাই বুঝতে শুরু করলাম। সে এক অন্যরকম অনুভূতি। কুরআন-হাদীস থেকে মাসআলা উদ্ভাবন করতে গেলে উসুল বা মূলনীতির পার্থক্যের কারণে ব্যক্তিভেদে মতবিরোধ যে হবেই সেগুলো তখন আর কেবল পুথিগত তত্ত্ব হিসেবে নয়, বরং বাস্তব নিয়ম-নীতি আকারে আমার সামনে এসে হাজির হচ্ছিল।