সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস
ইসলামী যেকোনো বিষয়ের সাথে খাইরুল কুরুন তথা সালাফে সালেহীনের কল্যাণময় যুগের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তারা যেহেতু নববী যুগের সবচেয়ে কাছাকাছি তাই প্রতিটি বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও বুঝ সম্পর্কে অবগত হওয়া আমাদের জন্য জরুরি। কারণ, এর মাধ্যমে সেই জিনিসের বিশুদ্ধতা ও সঠিক রূপ জানা সহজ হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে ইরশাদ করেছেন,
خَيْرُ أُمَّتِي الْقَرْنُ الَّذِينَ يَلُونِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُوتَهُمْ .
অর্থাৎ, “আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও কল্যাণময় হলো সেই প্রজন্ম, যারা আমার সময়কার, তার পর তাদের পরের লোকেরা। তারপর তাদের পরের লোকেরা।” ১৫
এই হাদীসের আলোকেও আমরা ‘খাইরুল কুরুন’ তথা কল্যাণময় যুগের গুরুত্ব উপলব্ধি করতে পারি। মূলত সালাফে সালেহীনের বুঝ ও ব্যাখ্যার উপর নির্ভর করাই ছিল প্রতি যুগের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের অনুসৃত পদ্ধতি। এটাকেই তারা নিরাপদ ও সত্যের সবচেয়ে কাছাকাছি বলে বিশ্বাস করতেন।
এখন আমরা প্রথমে দেখব, কল্যাণময় তিন যুগের সালাফরা তথা সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীরা ‘আহলে হাদীস’ বলতে কী বুঝতেন এবং কোন অর্থে শব্দটিকে তারা ব্যবহার করতেন। এরপর পর্যায়ক্রমে তাদের পদাঙ্ক অনুসরণকারী প্রতি শতাব্দীর অন্যান্য উলামায়ে কেরামের বক্তব্যও আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ।