সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

«<
23
>»

৬. মনীষীদের বক্তব্য উপস্থাপনে বইয়ের কলেবর বৃদ্ধিরোধে সংক্ষিপ্ততার প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। তাই প্রত্যেকের অসংখ্য বক্তব্য থেকে উদাহরণস্বরূপ একটি বা দুই-তিনটির বেশি বক্তব্য আমরা উপস্থাপন করা থেকে বিরত থেকেছি। এর ফলে কেউ যেন এমন মনে না করেন যে, তাদের থেকে বইয়ে উপস্থাপিত সামান্য কয়েকটি বক্তব্যের বাইরে আর কোনো বক্তব্য পাওয়া যায় না।

চ. মনীষীদের প্রতিটি বক্তব্য উপস্থাপনের সময় আরবীপাঠটাও আমরা জুড়ে দিয়েছি। যাতে করে বিজ্ঞ পাঠক চাইলে আমাদের করা সেই বক্তব্যের বঙ্গানুবাদটিকে আরবীপাঠের সাথে মিলিয়ে দেখে নিশ্চিত হতে পারেন। আমরা চাই না পাঠকের ভেতর কোনোরূপ ধোঁয়াশা থেকে যাক। তাছাড়া মূল আরবীপাঠ থাকলে উপস্থাপিত বক্তব্যটি মূলসূত্র থেকে খুঁজে পেতে সহজ হয়। যদি কেউ চান উল্লেখিত বক্তব্য মূলসূত্র থেকে যাচাই করে নেবেন বা আগপিছ মিলিয়ে দেখবেন তিনিও যাতে সহজে তা করতে পারেন সেজন্যই আমাদের এই ব্যবস্থা। মোটকথা, আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হবে সত্যের ও প্রকৃত বাস্তবতার সীমানায় প্রবেশ করা। কোনো ভুল তথ্য বা বিকৃত বক্তব্য কিংবা অর্ধসত্য দিয়ে আমরা প্রকৃত সত্যকে আড়াল করার সম্পূর্ণ বিরোধী। সবকিছুকে তাই উন্মুক্ত রেখেছি পাঠকদের সামনে। যাতে তারা নিজেদের মতো সত্যকে খুঁজে নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন।

ছ. বইটি সরাসরি কোনো খণ্ডনমূলক বই নয়। এটি একজন লেখকের দীর্ঘদিনের অধ্যয়নের ফলাফল। কাউকে আঘাত করতে নয়; বরং পাঠক হিসেবে আমার সামনে যে বাস্তবতা উদ্ভাসিত হয়েছে তা তুলে ধরতেই এই বইয়ের জন্ম। তারপরও আমার উপস্থাপিত কথামালার উপর কিছু আপত্তি থেকে যায়। যেগুলো মূলত কিছু লেখকদের উপস্থাপিত বক্তব্যের সূত্র থেকে সৃষ্ট। তাই নিজেদের বক্তব্যের সঠিকতা প্রমাণে এবং বইটির বিষয়বস্তুর পূর্ণাঙ্গতা সাধনে আমাকে পরিশিষ্টে সেসব বিষয়ে কথা বলতে হয়েছে। প্রমাণভিত্তিক আলোচনার স্বার্থে কিছু কিছু বইয়ের নামও উল্লেখ করতে হয়েছে। তবে এর পুরোটাই আমি টীকাতে এনেছি। মূল বইয়ের পরিশিষ্টে সুনির্দিষ্টভাবে কোনো বইয়ের নাম উল্লেখ না করে সাধারণভাবে আলোচনা করার এবং কোনো বইয়ের নাম উল্লেখের প্রয়োজন পড়লে তা টীকাতে নিয়ে আসার পেছনে এটাই ছিল মূল কারণ।

«<
23
>»