সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

«<
23
>»

ক. আমি নিজের কাছে নিরপেক্ষ থেকে বইটি লিখেছি। বিস্তৃত অধ্যয়নের পর আমার কাছে যে সত্য উদ্ভাসিত হয়েছে তা তুলে ধরেছি। নিরপেক্ষ থাকা বলতে আমি বোঝাচ্ছি, কোথাও এমন হয়নি যে, আমি জেনেবুঝে কোনো গোঁজামিল দিতে চেষ্টা করেছি বা একটা বুঝে অপরটা লিখেছি। অথবা কোথাও কোনো কিছু লুকোছাপা করেছি। তারপরও মানুষ হিসেবে আমার অজান্তেও এমন কিছু হয়ে যেতে পারে বিধায় কয়েকজনকে দিয়ে পাণ্ডুলিপিটি আগাগোড়া পড়িয়েছি। তাদের বারবার করে বলে দিয়েছিলাম বইটিকে কেবল একজন সাধারণ পাঠকের চোখে নয়, বরং একজন কঠিন সমালোচকের দৃষ্টিতে যেন পড়ে। যাতে আমার চোখ এড়িয়ে কোথাও যদি কোনো ভুলব্যাখ্যা, গোঁজামিল বা অন্য কোনো আপত্তিকর বিষয় থেকে যায় তবে সেটা শুধরে নিতে পারি। যাদের দিয়ে পাণ্ডুলিপিটি পড়িয়েছি তারা প্রত্যেকেই মাশাআল্লাহ সমালোচনার দৃষ্টিতে পড়ার মতো যোগ্য মানুষ এবং ক্ষেত্রবিশেষ প্রচলিত আহলে হাদীস চিন্তাধারার ভাইদের প্রতি সহানুভূতিশীলও। সুতরাং আমার অন্যায্য কথা আমার চোখে ধরা না পড়লেও তাদের চোখে ঠিকই ধরা পড়বে-এমনটাই ছিল আমার প্রত্যাশা। তাদের থেকে যে যৌক্তিক পরামর্শগুলো পেয়েছি সেগুলো গ্রহণ করে নিতে আমি কার্পণ্য করিনি। আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখেরাতে উত্তম জাযা দান করুন।

খ. বইটি রচনাতে আমি যে ধারা অবলম্বন করেছি তা হলো, শুরুতেই আহলে হাদীস শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ তুলে ধরেছিড়সামান্য বিশ্লেষণ-সহকারে। তারপর প্রতি শতাব্দীর বিখ্যাত সালাফদের বক্তব্যে আহলে হাদীসের অবস্থা, অবস্থান ও তাদের দৃষ্টিতে পরিভাষাটির ব্যবহার তুলে ধরেছি। এ ক্ষেত্রে উলামায়ে কেরামের মধ্যহতে হাদীসচর্চাকারী ও হাদীসবিশারদ মুহাদ্দিসদের জামাতের বক্তব্যকে প্রাধান্য দিয়েছি। যেহেতু এই প্রসঙ্গে তাদের বক্তব্যের গুরুত্বই হলো সবচেয়ে বেশি।

গ. প্রতি শতাব্দীর সালাফে সালেহীন মুহাদ্দিসদের বক্তব্য উপস্থাপনের শুরুতে সেই শতাব্দীতে হাদীসের খেদমতের সামান্য চিত্রও তুলে ধরা হয়েছে।

ঘ. প্রত্যেক মনীষীর বক্তব্য উপস্থাপনের আগে সংক্ষেপে তাঁর পরিচয় প্রদান করেছি। এর মাধ্যমে পাঠক সংক্ষেপে হলেও বহু মনীষীর জীবন ও কর্মের সামান্য ঝলকের সাথে পরিচিত হতে পারবেন। এভাবে উপস্থাপনার ফলে হাজার বছরের বিখ্যাত মুহাদ্দিসদের ছোটখাটো একটা তালিকা ও তাদের মৃত্যুসনও পাঠকের জানা হয়ে যাবে।

«<
23
>»