ভূমিকা
যখন শায়খুল ইসলাম ইমাম আল্লামা যাহিদ আল-কাউসারী (রহ.) কায়রো থেকে তাঁর বিখ্যাত গ্রন্থ تأنيب الخطيب এর নতুন সংস্করণ প্রকাশ করেন, এই সংস্করণের পাদটীকায় তিনি ইশারা-ইঙ্গিতে সমকালীন কয়েকজন সালাফী আলেমের সমালোচনা করেন, যাঁদের মধ্যে (সম্ভবত) শায়খ আব্দুর রহমান আল-মু‘আল্লিমী (রহ.)ও ছিলেন।
বিষয়টি যখন মু‘আল্লিমী (রহ.)-এর দৃষ্টিগোচর হয়। তখন রাজপরিবারের ঘনিষ্ঠ এই আলেম চরম ক্ষোভে ফেটে পড়েন এবং এর খণ্ডন লেখার সিদ্ধান্ত নেন। ফলস্বরূপ মু‘আল্লিমী প্রায় ১০০ পৃষ্ঠার এক পুস্তিকা রচনা করেন, যার নাম দেন طليعة التنكيل بما في تأنيب الكوثري من الأباطيل। পুস্তিকাটি তিনি ভূমিকা স্বরূপ লিখেছিলেন। এতে তিনি ইমাম কাউসারী (রহ.)-কে ‘জাহিল’, ‘মুতা‘আসসিব’, ‘কাযিব’ (মূর্খ, গোঁড়া ও মিথ্যুক) বলে অভিযুক্ত করেন। গ্রন্থটি মক্কা-মদীনার মসজিদগুলোতে হাজীদের মাঝে বিতরণ করা হয়।
জীবনের শেষ দিকে শারীরিক অসুস্থতা ও প্রবল বার্ধক্যের মধ্যে কাউসারী (রহ.) যখন এই ত্বালী‘আহ নামক খণ্ডনটি দেখেন, তিনি বেশ অবাক হন। কারণ, তিনি দেখেন যে মু‘আল্লিমী এতে প্রচুর পরিমাণে মিথ্যাচার করেছে! তিনি কাওসারী (রহ.) এর বক্তব্যগুলোকে ঢালাওভাবে বা নিজের মতো অর্থ করে খণ্ডন করার চেষ্টা করেছেন, কোথাও তাঁর পূর্ণ বক্তব্য উল্লেখ করার প্রয়োজনবোধ করেননি—যাতে করে পাঠকের কাছে বিষয়টি স্পষ্ট হতে পারে। এই জঘন্য নির্লজ্জতা দেখে কাউসারী (রহ.) একই বছর এর জবাবে খুবই শক্তিশালী যুক্তি ও দলীল-প্রমাণ-সমৃদ্ধ খণ্ডনমূলক গ্রন্থ التَّرْحيبُ بِنَقْدِ التَّأْنِيب রচনা করেন।
আল্লামা কাউসারী (রহ.) এর মৃত্যুর পর তাঁর আত-তারহীব গ্রন্থটি সালাফী চক্রে ছড়িয়ে পড়ে। এরপর মু‘আল্লিমী আরো দুইটা গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে একটি নিজেরই লিখিত গ্রন্থ طليعة التنكيل এর পক্ষে; এর নাম দেন ‘তা’যীযুত তালী’আহ’। এরপর ‘শুকরুত তারহীব’ নামে তিনি আরেকটা গ্রন্থ লিখেন জাহিদ আল-কাউসারী (রহ) রচিত ‘তারহীব’কে আক্রমণ করে।
পরে এই তিনটি গ্রন্থ একই মলাটে প্রকাশিত হয়।