লুবাব হাসান সাফওয়ান
অনূদিত
ভূমিকা
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক সৃষ্টিজগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (সা.) ও তাঁর বংশধর এবং তাঁর সকল সাহাবীর ওপর।
আম্মা বা‘দ: ‘অনুসৃত’ ইমামগণ (রাদিয়াল্লাহু আনহুম) ছিলেন এক পরিবারের মতো। তাঁরা শরিয়তের খেদমতে একে অপরের সাহায্য করতেন। এই ইমাম ওই ইমামের কাছ থেকে ইলম অর্জন করতেন এবং ওই ইমাম এই ইমামের কাছ থেকে ইলম অর্জন করতেন। এভাবেই তাঁদের হাতে ইসলামী ফিকহ পূর্ণতা লাভ করে।
তাঁরা পূর্ণ মনোযোগ দিয়ে হাদীসে যা এসেছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও গভীরভাবে পর্যালোচনা করতেন। বিশেষ করে কল্যাণঘোষিত যুগগুলো (প্রথম তিন যুগ) পার হওয়ার পর যখন জাল হাদীসের অনুপ্রবেশ ঘটে, তখন তাঁরা অধিক সতর্কতা অবলম্বন করেন। তাঁরা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর গভীর ও দূরদর্শী অর্থ বোঝার জন্য প্রাণপণ চেষ্টা করতেন। ফলস্বরূপ, কোনো ভাষাগত পরিবর্তন তাঁদেরকে ওহী নাজিলের সময়ের মূল অর্থ ও তাৎপর্য থেকে বিন্দুমাত্রও দূরে সরিয়ে দিতে পারেনি।
আল্লাহর অনুগ্রহ তাঁদের ওপর অনেক বেশি ছিল। তিনি তাঁদেরকে এই মহৎ কাজের জন্য প্রস্তুত করেছিলেন। আল্লাহ তাঁদেরকে প্রখর বুদ্ধি, অসাধারণ স্মৃতিশক্তি, গভীর অর্থ খুঁজে বের করার ক্ষমতা, সত্যকে তার মূল উৎস থেকে বের করে আনার দূরদৃষ্টি, ফিকহ ও এর জ্ঞানার্জনের প্রতি গভীর আগ্রহ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সুন্দর উপস্থাপনা, মধুর বাচনভঙ্গি, প্রচুর সম্পদ, পরিপূর্ণ সুস্থতা এবং সর্বোপরি ইখলাস দান করেছিলেন। তাঁদের সময়কাল রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সময়ের খুব কাছাকাছি ছিল।
তাঁদের এবং সাহাবীদের (রাদিয়াল্লাহু আনহুম) মাঝে যেসব রাবী ছিলেন, তাঁদের সংখ্যা সাধারণত দুইজনের বেশি ছিল না। একজন ছিলেন তাঁদের শিক্ষক এবং অন্যজন ছিলেন তাঁদের শিক্ষকের শিক্ষক। এই দুইজনের এবং তাঁদের সমসাময়িক রাবীদের অবস্থা সম্পর্কে জানা