আল-ফিকহুল আকবর

«<
44
>»

বলে গণ্য হয় সেগুলোর অধিকাংশ মূলত তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আলিমের ব্যক্তিগত বিদ্বেষ প্রকাশ। যেমন, তিনি কাফির, ইসলামের শত্রু, ইসলাম ধ্বংস করতেন, তিনি অভিশপ্ত, ক্রীতদাস ইত্যাদি। এগুলো মূলত আবূ হানীফা নুমান ইবন সাবিতের মর্যাদাহানী করে নি; বরং যারা এসব কথা বলেছেন তাদের ঈমানী, ইসলামী ও আখলাকী দুর্বলতা প্রকাশ করেছে।

(ঘ) ইমাম আবূ হানীফার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তিনভাগে ভাগ করা যায়: (১) আকীদা বিষয়ক, (২) হাদীস বিষয়ক এবং (১) ফিকহ বিষয়ক।

[1] খতীব বাগদাদী, তারীখ বাগদাদ ১৩/৩২৩-৪৫৩।
৯. আকীদা বিষয়ক অভিযোগ
ঈমানের সংজ্ঞা কেন্দ্রিক খুঁটিনাটি কয়েকটি বিষয় ছাড়া ইমাম আবূ হানীফার সমসাময়িক আলিমগণ থেকে তাঁর বিরুদ্ধে আকীদা বিষয়ক কোনো অভিযোগ ছিল না। তাঁর বিরুদ্ধে আকীদাগত কোনো আপত্তি না থাকার বড় প্রমাণ যে, তাঁর সমসাময়িক ও তাঁর ছাত্র পর্যায়ের প্রায় সকল প্রসিদ্ধ ফকীহ, ইমাম, ও মুহাদ্দিস তাঁর গ্রহণযোগ্যতার সাক্ষ্য দিয়েছেন, অনেকেই তাঁকে নিজেদের ইমাম বলে উল্লেখ করেছেন, সাধারণ মানুষ তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করেছে, তাঁর মত ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছে, উমাইয়া ও আববাসী প্রশাসন তাঁকে বিচারক পদে বসানোকে নিজেদের সম্মানের বিষয় বলে গণ্য করেছে। কিন্তু এরপরও তৃতীয় শতক থেকে আকীদা বিষয়ে তাঁর বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উত্থাপিত হতে লাগল। যেমন, তিনি বিদআতী আকীদার উদ্ভাবক, মুতাযিলী, মুরজিয়া, হাদীস অমান্যকারী…, অস্ত্রধারণে বিশ্বাসী… ইত্যাদি। বস্ত্তত আব্দুল্লাহ ইবন আহমদ, ইবন হিববান, ইবন আদী ও খতীব বাগদাদী ইমাম আবূ হানীফার বিরুদ্ধে যত অভিযোগ সংকলন করেছেন সনদ যাচাই না করে সেগুলো গ্রহণ করলে মনে হবে, ইসলামী আকীদার এমন কোনো খারাপ বিষয় নেই যা ইমাম আবূ হানীফার মধ্যে ছিল না। অভিযোগগুলো পর্যালোচনার আগে কয়েকটি বিষয় লক্ষণীয়:

(১) ইমাম আবূ হানীফার বিরুদ্ধে বর্ণিত এ সকল অভিযোগের অধিকাংশই সনদ বিচারে জাল বা বাতিল।

«<
44
>»